
সুমন আহমদ খান।।
সিলেটে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় তিনি সাংবাদিকতার নৈতিকতা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন।
ডিসি সারওয়ার আলম বলেন, আমি ঘুষ খাইনি, ঘুষ খাই না এবং ভবিষ্যতেও খাবো না। কেউ যদি ব্যক্তিগত স্বার্থে কিংবা কোনো কমিউনিটির নাম ব্যবহার করে তদবিরের চেষ্টা করে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। প্রশাসনকে সঠিকভাবে পরিচালনা করতে হলে এসব অনৈতিক চাপ মোকাবিলা করতেই হবে।
তিনি আরও বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। কিন্তু কিছু ভূঁইফোড়, স্বার্থান্বেষী ব্যক্তি এই পেশার অপব্যবহার করছেন। সাংবাদিকতার নামে যারা অনৈতিক কার্যক্রমে লিপ্ত, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। আমরা ভূঁইফোড় সাংবাদিকদের বিষয়ে জিরো টলারেন্স নীতিতে থাকবো।
মতবিনিময় সভায় সিলেটে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং নিবন্ধিত অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন। তারা সংবাদ সংগ্রহে প্রশাসনের সহযোগিতা ও তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে আরও স্বচ্ছতা ও পেশাদার মনোভাব প্রত্যাশা করেন।
ডিসি সারওয়ার আলম সাংবাদিকদের এসব প্রস্তাবে সম্মতি জানিয়ে বলেন, “প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতামূলক সম্পর্ক থাকা প্রয়োজন। গঠনমূলক সমালোচনা আমরা সাদরে গ্রহণ করবো, তবে বিভ্রান্তিকর অপপ্রচার বরদাশত করা হবে না।”
সভা শেষে জেলা প্রশাসক উপস্থিত সাংবাদিকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হন এবং সিলেটের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।