প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 8, 2025 ইং
কিশোরগঞ্জ ইটনা উপজেলায় অটোরিকশা ছিনতাই করতে চালককে হত্যা, আটক তিনজন

মো: মিজানুর রহমান শাহীন
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করতে চালককে হত্যার অভিযোগে তিনজনকে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
রবিবার (০৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার রায়টুটী ইউনিয়নের গোয়ারা ব্রীজে এ ঘটনা ঘটে।
নিহত কালীপদ চন্দ্র সূত্রধর (৪০) তাড়াইল উপজেলার পশ্চিম সাচাইল গ্রামের বাসিন্দা সুধীর চন্দ্র সূত্রধরের ছেলে।
এ ঘটনায় আশরাফুল ইসলাম (২০) মো:নাঈম (১৯) ও মো:দূর্জয় (২০) নামে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
স্থানীয়ও পুলিশসূত্রে জানা গেছে, গতকাল রাতে রায়টুটী ব্রীজের ঘুরতে আসার কথা বলে কালীপদ চন্দ্র সূত্রধরের অটোরিকশাটি ভাড়া নেন তিন যুবক। পরে রায়টুটী গোয়ারা ব্রীজে এসে অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা করেন তারা। এতে বাধা দিলে চালককে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালানোর সময় স্থানীয়রা তাদেরকে আটক করে।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাফর ইকবাল এসব তথ্য নিশ্চিত করেছেন।
এসময় তিনি জানান, স্থানীয়রা আসামীদের আটক করে পুলিশে খবর দেয়। ওখানে আমাদের টিম গিয়েছে। আসামীদের ট্রলারে করে থানায় নিয়ে আসা হচ্ছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।