প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 8, 2025 ইং
সিলেটে স্কুলশিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার

মোঃ শাহআলম,শ্রীমঙ্গল প্রতিনিধি,
সিলেট নগরের লামাবাজার এলাকায় মিলি দে (২৫) নামে এক স্কুলশিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে লামাবাজারের একটি ফ্ল্যাট থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
মিলি দে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জিলুয়া চা-বাগানের মৃত মলয় কান্তি দের মেয়ে। তিনি নগরের কাজিটুলা এলাকার একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান কিডস স্কুল-এ শিক্ষকতা করতেন। মা সঞ্চিতা দের সঙ্গে লামাবাজারের ভাড়া বাসায় থাকতেন তিনি।
পুলিশ জানায়, ঘটনার দিন বিকেলে মিলির মা সঞ্চিতা দে এক আত্মীয়ের বাসায় বেড়াতে যান। রাতে বাসায় ফিরে তিনি ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে ফেলা হয়। এসময় মিলির ঝুলন্ত লাশ দেখা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে তা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, “এক স্কুলশিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হলেও, কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা তদন্ত করে দেখা হচ্ছে।”
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।