
মোঃ শাহ্ আলম।।
শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশী দুলাল চৌধুরীকে ‘সংখ্যালঘু’ আখ্যা দিয়ে কটাক্ষমূলক বক্তব্য দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নালিতাবাড়ী উপজেলা বিএনপির একাংশের নেতৃবৃন্দ।
শুক্রবার রাতে পৌর শহরের নিলামপট্টি এলাকার একটি কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম কিবরিয়া মাকসিম।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ৩ সেপ্টেম্বর আয়োজিত এক সভায় শহর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেন দুলাল চৌধুরীকে হিন্দু ও সংখ্যালঘু সম্প্রদায়ের লোক হিসেবে আখ্যায়িত করেন। একইসঙ্গে তিনি কটাক্ষ করে মন্তব্য করেন, “দুলাল চৌধুরী দলীয় মনোনয়ন পেলে মানুষ ভোট দেবে না।”
সম্মেলনে বক্তারা বলেন, এ ধরনের মন্তব্য সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে দাঙ্গা উসকে দেওয়ার অপচেষ্টা। তারা অবিলম্বে আনোয়ার হোসেনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে শহর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম, যোগানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, রূপনারায়নকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন সরকারসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।