
গাজী মাহমুদ পারভেজ।।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদীতে বালু উত্তোলনকে ঘিরে চলছে নানা বিতর্ক। স্থানীয়রা দাবি করছেন, নির্বিচারে উত্তোলনের ফলে নদীতীরবর্তী এলাকায় ভাঙনসহ পরিবেশগত ক্ষতির ঝুঁকি বাড়ছে। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, বৈধ অনুমোদন এবং নির্ধারিত নীতিমালার ভিত্তিতেই এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
রোববার (০৭ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে গজারিয়া নৌ-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার বলেন—
“নয়ানগর মৌজায় গিয়ে আমরা দেখি, জেলা প্রশাসকের অনুমোদন অনুযায়ী বালু উত্তোলন হচ্ছে। গুগল ম্যাপের মাধ্যমে সার্ভে করে নিশ্চিত হয়েছি যে নির্ধারিত সীমারেখা মেনে প্রায় ১৭৭০ থেকে ১৮০০ ফুট দূরত্ব থেকে বালু উত্তোলন চলছে।”
প্রশাসনের এক কর্মকর্তা জানান, “যারা বালু উত্তোলন করছেন তারা বৈধ কাগজপত্র প্রদর্শন করেছেন। নির্ধারিত নীতিমালা মেনেই কার্যক্রম চলছে। স্থানীয়দের উদ্বেগ আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি, তবে বর্তমানে কোনো অবৈধ কার্যক্রম চোখে পড়েনি।”
তবে স্থানীয়দের অভিযোগ, নিয়ম মেনেও বালু উত্তোলনের কারণে আশপাশের গ্রাম ও কৃষিজমিতে প্রভাব পড়ছে। তারা আশঙ্কা করছেন, দীর্ঘমেয়াদে এই কার্যক্রম নদীভাঙন এবং জীববৈচিত্র্যের ক্ষতি ডেকে আনতে পারে।
গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: আশরাফুল আলম বলেন,
“অতীতে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে বালুমহালে মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং দীর্ঘদিন বালু উত্তোলন বন্ধ ছিল। ইজারাগ্রহীতা কর্তৃক মুচলেকা প্রদানের পর আজ থেকে পুনরায় উত্তোলন শুরু হয়েছে। নতুন করে অভিযোগ পাওয়া গেলে সত্যতা যাচাই করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”
গজারিয়ায় মেঘনা নদীতে বালু উত্তোলনকে কেন্দ্র করে প্রশাসন ও স্থানীয়দের মধ্যে মতভেদ এখনো রয়ে গেছে। প্রশাসন বৈধ অনুমোদনের কথা বললেও স্থানীয়দের পরিবেশগত শঙ্কা উপেক্ষা করার মতো নয়। বিশেষজ্ঞদের মতে, নিয়মিত তদারকি ও কার্যকর মনিটরিং ছাড়া এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।