প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 7, 2025 ইং
নরসিংদীর আলোকবালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রীর মৃত্যু

নরসিংদী প্রতিনিধি: মো. আবুল কাশেম
নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রমজান মিয়া (৩০) নামে এক রাজমিস্ত্রী মারা গেছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রমজান মিয়া আলোকবালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরু মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, নির্মাণাধীন একটি ভবনের পিলারের রড বাঁকানোর সময় তিনি মেইন লাইনের বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এতে তিনি মারাত্মকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ভবনের নিচে পড়ে যান।
তাকে উদ্ধার করে স্বজনরা দ্রুত নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রমজান মিয়া পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ রাত সাড়ে ১০টায় আলোকবালী আব্দুল মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
নিহতের বড় ভাই শাহ পরান এবং স্থানীয় ইউপি সদস্য আমান মেম্বার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।