
মোহাম্মদ গোলাম মোস্তফা, জামালপুর জেলা প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের নতুন সংযোগ নিতে গিয়ে সাবেক নৌবাহিনী সদস্য বদিউজ্জামান (৫২) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকার টিকরকান্দি গ্রামে এ হৃদয়বিদারক দুর্ঘটনাটি ঘটে।
নিহত বদিউজ্জামান ওই গ্রামের মৃত শমসের বেপারীর ছেলে। পরিবার, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের কাছে তিনি একজন সৎ, পরিশ্রমী ও আন্তরিক মানুষ হিসেবে পরিচিত ছিলেন। সেনা বাহিনীতে দীর্ঘদিন দেশসেবা শেষে অবসর গ্রহণ করে তিনি পরিবার নিয়ে নিজ এলাকায় বসবাস করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন নিজ বাড়িতে মর্টারের নতুন বৈদ্যুতিক সংযোগ দেওয়ার কাজ করছিলেন বদিউজ্জামান। হঠাৎ অসাবধানতাবশত তিনি সক্রিয় বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসেন। মুহূর্তের মধ্যেই তিনি গুরুতরভাবে আহত হন। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে দ্রুত বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপ্রত্যাশিত এই মৃত্যুর খবরে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। প্রতিবেশী ও স্বজনরা জানান, হঠাৎ এভাবে প্রিয় মানুষটিকে হারিয়ে তারা বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
নিহতের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক। স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন