মাসুদ রানা সজিব,স্টাফ রিপোর্টার,পঞ্চগড়: পঞ্চগড়ে সীমান্ত এলাকার অসহায় দরিদ্র নারীদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ করা হয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা শহরের ডক্টর আবেদা হাফিজ গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে ৫২ জন নারীকে দুটি করে ছাগল তুলে দেয়া হয়। একটি বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায় স্থানীয় তরুণ স্বেচ্ছাসেবীদের সংগঠন লাইট অফ লাইফ এই অনুষ্ঠানের আয়োজন কর। আয়োজকরা জানান, দুটি ছাগলের মাধ্যমে একজন অসহায় নারী কয়েক বছরের মধ্যে একটি বড় ছাগলের খামার তৈরি করতে পারবেন। এতে তাদের সংসারে স্বচ্ছলতা আসবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস, এলজি বাংলাদেশ কর্পোরেট মার্কেটিংয়ের সহকারী ব্যবস্থাপক কাজী ফয়সাল আল আহসান, কলেজ শিক্ষক জেবুন্নাহার, সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক এড. আহসান হাবিব, লাইট অফ লাইফের সভাপতি আব্দুল্লাহ রনি। দুটি করে ছাগল পেয়ে উচ্ছসিত অসহায় নারীরা।
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের লক্ষ্মীদার এলাকার স্বপ্না রানী বলেন, আমার বড় ছেলে মারা গেছে। তার শোকে আমার স্বামী বাড়ি ছেড়ে চলে গেছে। ছোট ছেলেটিও দুর্ঘটনায় আহত হয়ে বাড়িতে বসে রয়েছে। খুব কষ্টে সংসার চালাচ্ছি। এই ছাগল পেয়ে খুব উপকার হলো। পালে পুষে বড় করতে পারলে আমার সংসারের কাজে লাগবে।
তরুণ স্বেচ্ছাসেবী আব্দুল্লাহ রনি বলেন, পঞ্চগড়ের সীমান্ত এলাকার নিম্ন আয়ের মানুষেরা খুব কষ্টে আছে। বিশেষ করে বৃদ্ধ, বিধবা, স্বামী পরিত্যক্তা নারীরা খুব কষ্টে দিন পাড় করছেন। তাদের স্বাবলম্বী করতে এবং নিজেদের আত্ম নির্ভরশীল করতেই আমরা জেলার বোদা, আটোয়ারী ও তেঁতুলিয়া উপজেলার ৫২ জন নারী বাছাই করি। তাদের প্রত্যেককে দুটি করে ছাগল তুলে দেয়া হয়েছে। আশা করি কয়েক বছরের মধ্যে তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করতে পারবেন।
পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাস বলেন,এটি খুব ভালো উদ্যোগ। আমরা চাই এভাবেই বিত্তবান এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান অসহায় মানুষের পাশে এসে দাড়ালে অনেকে ভাল ভাবে দিনযাপন করতে পারবে।