সিলেট নগরীকে হকার ও যানজটমুক্ত করার দাবিতে নাগরিক আন্দোলন জোরদার হয়েছে। নগরবাসীর দুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে আজ শনিবার নগরীর চৌহাট্টা কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে মানব কল্যাণ পরিষদের ব্যানারে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সিলেট নগরীর প্রধান প্রধান সড়ক ও ফুটপাতগুলো দীর্ঘদিন ধরে হকারদের দখলে রয়েছে। এর ফলে চরম যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে। নগর ভবনের সামনের সড়ক, বন্দরবাজার থেকে ক্বীন ব্রিজ পর্যন্ত এলাকাজুড়ে হকারদের অবাধ দখলদারিত্ব চললেও প্রশাসনের কোনো কার্যকর উদ্যোগ নেই বলে অভিযোগ করেন তারা।
মানব কল্যাণ পরিষদ আয়োজিত এ মানববন্ধন থেকে ৮ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে:
নগরীর রাস্তা থেকে হকারদের উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা।
তালিকাভুক্ত হকারদের পুনর্বাসন নিশ্চিত করা।
পুনরায় দখল করলে জরিমানা ও কারাদণ্ডের ব্যবস্থা।
অনিয়মতান্ত্রিক পার্কিংয়ের জন্য গাড়ির মালিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীকে জরিমানা।
যানজট সৃষ্টি করে এমন অবৈধ গাড়ির স্টেশন উচ্ছেদ।
অনুমোদনহীন ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল নিষিদ্ধ।
ক্বীন ব্রিজ থেকে সম্পূর্ণরূপে হকার উচ্ছেদ।
অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন এবং তাদের কাজের স্বচ্ছতা নিশ্চিতকরণ।
এছাড়াও, প্রশাসনের পক্ষ থেকে ট্রাফিক নিয়ম মানতে জনসচেতনতা সৃষ্টির ওপরও গুরুত্বারোপ করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মানব কল্যাণ পরিষদ সিলেটের সভাপতি ইমরান আহমদ এবং সঞ্চালনা করেন আনোয়ার হোসেন ছয়ফুল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ কর্নেল (অব.) আতাউর রহমান পীর, ইসলামী আন্দোলন সিলেট মহানগরের সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগরের সহসভাপতি প্রিন্সিপাল মাহমুদুল হাসানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে গত ১৬ জুলাই সিলেট কল্যাণ সংস্থা ও অন্যান্য সংগঠনের যৌথ উদ্যোগে নগর ভবনের সামনে ‘শোয়া কর্মসূচি’ পালন করা হয়, যেখানে একই দাবিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল।
নগরবাসীর পক্ষে এই আন্দোলন সিলেট শহরকে দখলমুক্ত, যানজটমুক্ত ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার এক প্রত্যাশা জাগিয়েছে।