প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 4, 2025 ইং
হোমনায় জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

মোঃ তারিকুল ইসলাম, হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার হোমনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে আহলে সুন্নাত ওয়াল জামা'আত ও গাউছিয়া কমিটি বাংলাদেশ, হোমনা উপজেলা শাখার আয়োজনে স্থানীয় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ইসলামপ্রেমী মুসল্লিদের অংশগ্রহণে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের করা হয় এক বর্ণাঢ্য জশনে জুলুস ও আনন্দ র্যালি।
হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার ও হোমনা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা'আতের সভাপতি হযরত মাওলানা মুফতি মো. আব্দুস সাত্তার ভুঁইয়া আল ক্বাদেরীর সভাপতিত্বে ও যুবলীগ নেতা ও হোমনা উপজেলার আহলে সুন্নাত ওয়াল জামা'আতের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান টিপুর পরিচালনায়, হোমনা পাক দরবার শরীফের পীর হাজী বাহাউদ্দীন, দুলালপুর সিকান্দর আল ক্বাদেরীয়া দরবার শরীফের পীর হযরত মাওলানা হোসাইন আল ক্বাদেরী, ক্বাদেরী তৈয়্যবিয়া হাফেজিয়া মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন আল কাদেরী, হোমনা উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মুহাম্মদ কবির হোসেন, সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম, হাফেজ আবদুস সালাম, ইঞ্জিনিয়ার বাহাউদ্দীন সহ আহালে সুন্নাত ওয়াল জামা'আতের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আনন্দ র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় অংশগ্রহণকারীরা দুরুদ ও সালাত পাঠ করেন এবং নবীজির প্রতি ভালোবাসার বিভিন্ন স্লোগান উচ্চারণ করেন। ত্রিভুবনের প্রিয় হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে আয়োজিত এ মিলাদুন্নবী (সা.) অনুষ্ঠানে নবীজির জীবনাদর্শ, শান্তি, ভ্রাতৃত্ব ও মানবকল্যাণের বাণী প্রচারের আহ্বান জানান বক্তারা।
র্যালি শেষে হোমনা কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া হাফিজিয়া এতিমখানা কম্পলেক্স ময়দানে মিলাদ, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। পরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর উম্মতের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং তাবারুক বিতরন করা হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।