
মো. নাজিউল্লাহ ভূইয়া।।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়ার দায়িত্ব গ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজন করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যবসায়ী ও কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে গত এক বছরে ইউএনও রিনাত ফৌজিয়ার নেতৃত্বে বাস্তবায়িত নানা উন্নয়ন কর্মকাণ্ডের ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। এদের মধ্যে নদীর তীর দখলমুক্তকরণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদ,মোবাইল কোর্টের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ,নকল ও ভেজালবিরোধী অভিযান পরিচালনা, বাজার মনিটরিংয়ের মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, খেয়াঘাট ও হাটবাজার থেকে রেকর্ড রাজস্ব আদায় শিক্ষা প্রতিষ্ঠানে ভেন্ডিং মেশিন প্রদান, ই-টেন্ডারের মাধ্যমে অবকাঠামো উন্নয়ন উল্লেখযোগ্য।
উক্ত বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তব্য দেন ইউএনও রিনাত ফৌজিয়া।তিনি নিজ বক্তব্যে বলেন,
“কেরানীগঞ্জ দেশের অন্যতম বৃহৎ উপজেলা। এখানে কাজ করা যেমন গর্বের, তেমনি চ্যালেঞ্জও বটে। এখানে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১০ হাজার মানুষ বসবাস করে—এটি সহজেই পৌরসভা হওয়ার যোগ্য এলাকা। গত এক বছরে রাজস্ব আদায়, আইনশৃঙ্খলা উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, নদীর তীর ও সরকারি জমি উদ্ধার, মোবাইল কোর্টের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ, বাজার মনিটরিং করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ভেজাল পণ্য উৎপাদন বন্ধ করতে সক্ষম হয়েছি। এসব সম্ভব হয়েছে সবার সহযোগিতায়। আগামী দিনগুলোতেও আমি আপনাদের এ সমর্থন চাই।”
উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—কেরানীগঞ্জ মডেল নির্বাহী ম্যাজিস্ট্রেট ( ভূমি) জান্নাতুল মাওয়া, দক্ষিণ কেরানীগঞ্জ নির্বাহী ম্যাজিস্ট্রেট ( ভূমি) শেখ আব্দুল্লাহ আল মামুন, কেরানীগঞ্জ সিট ব্যবসায়ী সমিতির সভাপতি আমান উল্লাহ মস্তান, নয়াবাজার কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক মিয়া,কেরানীগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. ইমরুল কায়েস, এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ইমরান হোসেন, উপজেলা সমন্বয়কারী জাবেদ হোসেন এবং পীয়ারলেস ইয়ুথ ক্লাবের সভাপতি সায়মন চৌধুরী। বক্তারা ৫ আগস্ট পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতে এমপি ও উপজেলা চেয়ারম্যান ছাড়াই প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি উন্নয়ন কার্যক্রমের সাফল্যের জন্য ইউএনওর ভূয়সী প্রশংসা করেন।বক্তারা বলেন," এমপি ও উপজেলা চেয়ারম্যান ছাড়াই প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে রিনাত ফৌজিয়া অল্প সময়েই কেরানীগঞ্জবাসীর আস্থা অর্জন করেছেন। তাঁর কর্মদক্ষতা ও সাহসী নেতৃত্বে কেরানীগঞ্জে প্রশাসনের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।"
অনুষ্ঠানের শেষে ইউএনওর দায়িত্বগ্রহণের এক বছর পূর্তি উপলক্ষে কেক কেটে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠান সমাপ্ত হয়।