রাজবাড়ীর পাংশা উপজেলার পাটিকাবাড়ি মোহাম্মদ আলী খান উচ্চ বিদ্যালয়ে “আমার দায়িত্ব, আমার সুরক্ষা – অন্যের মঙ্গল” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদিনব্যাপী বিশেষ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
শনিবার (৩০ আগস্ট )সকালে এ কর্মসূচির আয়োজন করে পাংশা উপজেলা পাবলিক বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (পুপুসা)।
দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল— শিক্ষার্থীদের পড়াশোনায় দিকনির্দেশনা প্রদান, প্রশ্নোত্তর পর্ব, আত্মসুরক্ষা, জরুরি সেবার বিষয়ে সচেতনতা, মানসিক বিকাশে দিকনির্দেশনা, নিরাপদ ইন্টারনেট ব্যবহারে সচেতনতা এবং লিফলেট বিতরণ। প্রায় ২০০ শিক্ষার্থীর অংশগ্রহণে কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কুইজ প্রতিযোগিতা। মেধাতালিকায় স্থান পাওয়া বিজয়ীদের হাতে গাছের চারা উপহার দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়— “গাছই আমাদের একমাত্র নিঃস্বার্থ উপকারী বন্ধু। বাঁচলে গাছ, বাঁচবে বিশ্ব।” এর মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করা হয়।
দিনশেষে শিক্ষার্থীদের কাছ থেকে চিরকুটে লিখিত রিভিউ নেওয়া হয়, যেখানে তারা কর্মসূচি থেকে পাওয়া অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করে। শিক্ষার্থীদের প্রতিক্রিয়ায় ফুটে ওঠে শেখার আনন্দ, দায়িত্বশীল হওয়ার অঙ্গীকার এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুপুসার ভারপ্রাপ্ত সভাপতি সাকিব আল হাসান, সাধারণ সম্পাদক ফাতেমা তুজ জহুরা, সদস্য রাইমা সুলতানা ও শাহাদত হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ এবং সহকারী শিক্ষকবৃন্দ— মোঃ কুতুব উদ্দিন, মোঃ হেলাল উদ্দিন, আব্দুস সামাদ, আসিকুজ্জামান, তুহিনুর রহমান ও মোঃ আনোয়ার হোসেন।