প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Sep 2, 2025 ইং
বান্দরবানে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বান্দরবান জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনসমূহের উদ্যোগে আজ সকালে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী ও সদস্য সচিব জাবেদ রেজার নেতৃত্বে আয়োজিত র্যালিটি বান্দরবান শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। র্যালিকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ।
র্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির নেতারা বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশপ্রেম, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার প্রতীক। বিএনপি বরাবরই স্বৈরাচার ও দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার থেকেছে। প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের সামনে নতুন প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়।”
নেতৃবৃন্দ আরও বলেন, "বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।"
এ সময় দলের বিভিন্ন স্তরের নেতারা অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যৎ আন্দোলনে আরও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।