
মোঃ মশিউর রহমান।।
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ দিনাজপুর জেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ আগস্ট) বিকেলে শহরের বন্ধন কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভায় জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাত মন্ত্রী খুরশিদ জাহান হকের জ্যেষ্ঠ পুত্র শাহরিয়ার আক্তার হক ডন। সভায় সভাপতিত্ব করেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক মাহফিজুল ইসলাম মাসুম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব হাজী মো. ইকবাল টারজেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মোকাররম হোসেনসহ আরও অনেকে। এসময় বিনামূল্যে রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠান বিভিন্ন সংগঠন, এতিমখানা ও মাদ্রাসায় ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
সভায় প্রধান অতিথি শাহরিয়ার আক্তার হক ডন তাঁর বক্তব্যে বলেন, আরাফাত রহমান কোকো ছিলেন দেশের ক্রীড়াঙ্গনের এক অনন্য প্রেরণা। তিনি খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখার চেষ্টা করেছেন। তাঁর নামের এই ক্রীড়া সংসদ শুধু একটি সংগঠন নয়, এটি হবে খেলাধুলাকে ভালোবাসা তরুণদের জন্য একটি আদর্শ প্ল্যাটফর্ম। আমি বিশ্বাস করি, এই কমিটির নেতৃত্বে দিনাজপুর জেলায় ক্রীড়া সংস্কৃতি আরও শক্তিশালী হবে এবং আগামী প্রজন্মকে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত করবে। ক্রীড়া শুধু বিনোদন নয়, এটি শৃঙ্খলা, সততা ও নেতৃত্ব শেখায়। তাই এ সংসদকে তরুণ সমাজের ইতিবাচক দিকনির্দেশনার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে।
আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক মাহফিজুল ইসলাম মাসুম তাঁর বক্তব্যে বলেন, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের মাধ্যমে আমরা দিনাজপুর জেলায় একটি সংগঠিত ক্রীড়া আন্দোলন গড়ে তুলতে চাই। আমাদের লক্ষ্য হলো তরুণ প্রজন্মকে খেলাধুলার সাথে সম্পৃক্ত করা, যাতে তারা মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে থাকতে পারে। এই সংগঠন শুধু ক্রীড়াঙ্গনেই সীমাবদ্ধ থাকবে না, বরং মানবিক ও সামাজিক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা রাখবে।
আলোচনা শেষে আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত, জিয়া পরিবারের যে সকল সদস্য ইন্তেকাল করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করা হয়।