
এস এম শাহাদাত।।
সাতক্ষীরার কালিগঞ্জে মামলা প্রত্যাহারের জন্য সন্ত্রাসী কায়দায় ভাড়া হওয়া সশস্ত্র সন্ত্রাসীদের দ্বারা পিতা-পুত্রকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আব্দুল বারী সরদার (৪৮) কালিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।অভিযোগে জানা যায়, এর আগে তার ছেলে মোঃ রুবেল হোসেন (২৩) কে বিবাদীরা প্রকাশ্যে মারধর করে। পরে রুবেল বাদী হয়ে বিবাদীসহ মোট পাঁচজনের বিরুদ্ধে সাতক্ষীরার বিজ্ঞ আমলী আদালতে সিআর মামলা নং-১৮৪/২৫ দায়ের করেন। মামলাটি থেকে নাম প্রত্যাহারের জন্য আসামিরা দীর্ঘদিন ধরে বাদী পক্ষের ওপর চাপ সৃষ্টি করে আসছিল।স্থানীয় সূত্রে জানা যায়, বিবাদীরা এলাকায় প্রভাবশালী হওয়ায় মামলা তুলতে বাদী পক্ষকে দফায় দফায় ভয়-ভীতি ও হুমকি প্রদান করে। এমনকি ভাড়া করা সন্ত্রাসীদের ব্যবহার করে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করা হয়েছে, যাতে বাদী পক্ষ ভীত হয়ে মামলা প্রত্যাহার করে।গত ২৬ আগস্ট রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে কালিগঞ্জ কদমতলা হাসপাতালের পেছনে রাস্তার উপর আব্দুল বারী সরদারকে পেয়ে বিবাদীরা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং সন্ত্রাসী কায়দায় এলোপাতাড়ি মারপিট করে সাধারণ জখম করে। তার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করলে বিবাদীরা আরও ভয়াবহ হুমকি দেয়। তারা প্রকাশ্যে ঘোষণা করে, মামলা না তুললে হাত-পা ভেঙে দেওয়ার পাশাপাশি প্রাণনাশ এবং নানাবিধ ক্ষয়ক্ষতি করা হবে।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় ইউসুফ মোড়ল, সাদিকুল ইসলাম ওরফে সাদিক এবং খালেক গাজীসহ একাধিক ব্যক্তি সাংবাদিকদের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তারা জানান,বিবাদীরা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব খাটাচ্ছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষকে আতঙ্কে রাখছে। এ বিষয়ে ভুক্তভোগী আব্দুল বারী সরদার ক্ষোভ প্রকাশ করে বলেন,“আমার ছেলে মামলা করার পর থেকেই তারা আমাদের ওপর চাপ সৃষ্টি করছে। আমি মামলা তুলবো না বলায় প্রকাশ্যে আমাকে মারধর করেছে এবং প্রাণনাশের হুমকি দিয়েছে। এখন আমার পরিবার নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছি।”
স্থানীয়রা জানান, বিবাদীরা নিয়মিত ভাড়া খাটানো সন্ত্রাসীদের ব্যবহার করছে, যার ফলে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। তারা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “সাধারণ ডায়েরির ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।