
মিজানুর রহমান।।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নৌকা বাইচ প্রতিযোগীতার আগে অনুশীলন করতে গিয়ে শ্যালো ইঞ্জিন চালিত নৌকার সাথে সংঘর্ষে নৌকা ডুবে ১০ জন আহত ও ২ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ ২ জনের মরদেহ রাতে নদী থেকে উদ্ধার করা হয়েছে। এরা হলেন উপজেলার চাকসা গ্রামের সাহেব আলীর ছেলে রহিচ উদ্দিন (৪৩) এবং শুকুলহাট এলাকার কোবাদ আলীর ছেলে নুরুল ইসলাম (৩৭)
শুক্রবার (২৯ আগষ্ট) বিকেলে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দহকুলা ব্রীজের কাছে এ দূর্ঘটনা ঘটে। আহতদের নাম ঠিকানা জানা যায়নি। তবে সবার অবস্থা আশংকামুক্ত বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, চাকসা দক্ষিনপাড়া মায়ের দোয়া নামে বাইচের নৌকাটি অনুশীলন শেষ করে ফেরার পথে দহকুলা ব্রীজের কাছে পৌঁছলে শ্যালো ইঞ্জিন চালিত নৌকার সাথে সংঘর্ষ হয়। এতে বাইচের নৌকাটি ডুবে যায়। এ সময় বাইচের নৌকায় থাকা ২ জন নিহত হয়েছে এবং ১০ জন বাইচাল আহত হয়েছে। তাদের উদ্ধার করে উল্লাপাড়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, দহকুলা ব্রীজের কাছে বাইচের নৌকা ডুবে গেছে। ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল নৌকায় থাকা ২ জন নিহত হয়েছে, বেশ কয়েকজন আঘাতপ্রাপ্ত হয়েছে।