
মো: ইলিয়াস চৌধুরী।।
গাজীপুরের কালিয়াকৈরে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের ঘটনায় একজনকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (২৯আগস্ট) সন্ধ্যায় কালিয়াকৈর পৌরসভার বিশ্বাসপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটিয়া বাউলা বাজার এলাকার শাজাহান মিয়ার ছেলে নাঈম (২০)। সে তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে বিশ্বাসপাড়া এলাকার মিন্টুর বাসায় ভাড়া থেকে স্থানীয় স্টারলিংক কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩শে আগস্ট শনিবার ওই কিশোরীকে ধর্ষণ করে অভিযুক্ত নাঈম। তার সঙ্গী শামীম এবং সাব্বির ওই ধর্ষণের নগ্ন ভিডিও ধারণ করে ভুক্তভোগী কিশোরীর পরিবারের নিকট মোটা অংকের টাকা দাবি করে। টাকা দিতে ব্যর্থ হলে নগ্ন ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে ওই কিশোরীকে ব্ল্যাকমেইল করে একাধিকবার ধর্ষণ করে। এরই ধারাবাহিকতায় ২৯ আগস্ট শুক্রবার সন্ধ্যায় পূর্বের ন্যায় ধর্ষণ করতে গেলে কিশোরীর ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন। বিষয়টি স্থানীয়রা জানতে পেরে ধর্শনকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।
এ ঘটনায় কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ সেলিম হোসেন বলেন, ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।