প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 29, 2025 ইং
রুয়েট শিক্ষার্থীদের মশাল মিছিল

রাজশাহী আবু বক্কর সিদ্দিক
ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মশাল মিছিল করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত ৮টায় রুয়েটের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে মশাল মিছিল শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে তালাইমারিতে গিয়ে শেষ হয়।
মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় এক শিক্ষকও শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে মিছিলে যোগ দেন।
শিক্ষার্থীরা জানান, তাদের তিন দফা দাবি যৌক্তিক। এ দাবির আন্দোলন দীর্ঘদিন ধরে চললেও সমাধান না হওয়ায় সম্প্রতি প্রকৌশলী শিক্ষার্থীরা ঢাকায় ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করেন। সেখানে পুলিশি হামলায় বহু শিক্ষার্থী আহত হন। এ ঘটনার নিন্দা জানিয়ে শিক্ষার্থীরা হামলার বিচার দাবি করেন।
এ সময় তারা আবারও তিন দফা দাবি তুলে ধরেন-
১. নবম গ্রেডে কোনো কোটার মাধ্যমে নয়, কেবল বিএসসি প্রকৌশলীদের নিয়োগ দিতে হবে।
২. ডিপ্লোমাধারীরা যদি প্রকৌশলী পদে যোগ দিতে চান, তবে অবশ্যই বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করতে হবে।
৩. দশম গ্রেডে ডিপ্লোমা ও বিএসসি প্রকৌশলীদের নিয়োগ উন্মুক্ত করতে হবে এবং ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ প্রকৌশলী পদবি ব্যবহার করতে পারবেন না।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।