প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 29, 2025 ইং
টানেল রোডে ঝুঁকিপূর্ণ বাইক স্ট্যান্ট! খতিয়ে দেখছে পুলিশ

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম সড়ক টানেলের আনোয়ারা প্রান্তে মোটরসাইকেল স্টান্টের এক বিপজ্জনক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
শুক্রবার বিকেলে প্রকাশিত এক মিনিট সাত সেকেন্ডের সেই ভিডিও দ্রুতই ভাইরাল হয়, যা নিয়ে সমালোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে।
ভিডিও ফুটেজে দেখা যায়, এক তরুণ মোটরসাইকেল চালানোর সময় ঝুঁকিপূর্ণ নানা কসরত করছেন। তিনি কখনও গতি বাড়িয়ে ভারসাম্য রক্ষা করে কৌশল দেখাচ্ছেন, আবার কখনও চলন্ত বাইকের সিটের ওপর দাঁড়িয়ে স্টান্ট করছেন। এ সময় আশপাশে থাকা কয়েকজন মোবাইলে পুরো ঘটনাটি ধারণ করছিলেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, এমন বেপরোয়া আচরণ মুহূর্তের মধ্যেই বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারত।
ঘটনার সময় বিকেল পাঁচটার দিকে টানেল সড়ক দিয়ে কোরীয় ইপিজেডের শ্রমিকবাহী বাসসহ বিভিন্ন যান চলাচল করছিল। সেই সময়ই স্টান্ট প্রদর্শন শুরু করেন যুবকটি। স্থানীয় সূত্রে জানা গেছে, তার নাম ইলিয়াস, তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা। বন্ধুদের সঙ্গে চট্টগ্রাম ভ্রমণে এসে টানেল এলাকায় এ কসরত দেখান তিনি। একটি ভিডিওতে নিজেই দাবি করেন, দেশের বিভিন্ন স্থানে স্টান্ট করলেও টানেল সড়কে এটি ছিল তার প্রথম অভিজ্ঞতা।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।