
আল মুমিন রহমান।।
মাদারীপুরে ২০ মামলার আসামি আন্তঃজেলা ডাকাত দলের সর্দার কালু হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে তিনি রাজধানী ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ি, শরীয়তপুর ও মাদারীপুরসহ বিভিন্ন জেলায় ডাকাতির নেতৃত্ব দিয়ে আসছিলেন।
বুধবার (২৭ আগস্ট ২০২৫) মাদারীপুর সদর থানার একটি টিম বিশেষ অভিযানে রাজবাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, “ডাকাতি তার পেশা, ডাকাতি তার নেশা”—৪০ বছর বয়স না পেরুতেই তার বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র মামলার সংখ্যা ৩০-এর অধিক। শুধু মাদারীপুর সদর থানাতেই তার বিরুদ্ধে ১৪টি মামলার ওয়ারেন্ট রয়েছে।
কালু হাওলাদার মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের উত্তর কাউয়াকুরি গ্রামের ঘটকচরের মৃত ফজলুল হক হাওলাদারের ছেলে। তিনি একটি সক্রিয় আন্তঃজেলা ডাকাত দলের নেতৃত্ব দিয়ে আসছিলেন।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাহাঙ্গীর আলম জানান, গ্রেফতারকৃত কালু হাওলাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।