
গাজী মাহমুদ পারভেজ।।
মুন্সিগঞ্জের গজারিয়ায় অস্থায়ী পুলিশ ক্যাম্পে সশস্ত্র ডাকাত দলের ভয়ঙ্কর হামলার ঘটনায় র্যাব-১১ দ্রুতগতিতে অভিযান চালিয়ে মেঘনার শীর্ষ নৌ-ডাকাত রিপন ডাকাতসহ তিনজনকে আটক করেছে। গ্রেপ্তারদের মধ্যে নয়ন-পিয়াস-রিপন বাহিনীর গুরুত্বপূর্ণ সদস্যরা রয়েছে।
মামলা ও গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট, ২৫ ইং বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুরে অস্থায়ী পুলিশ ক্যাম্পে নয়ন-পিয়াস-রিপন বাহিনী সশস্ত্র হামলা চালায়।
প্রায় ৩০-৪০ জন ডাকাত দ্রুতগতির ট্রলারে এসে পুলিশ ক্যাম্পের ওপর ককটেল বিস্ফোরণ ও একের পর এক গুলি ছোড়ে। ডাকাতদের পক্ষ থেকে প্রায় ১০০ রাউন্ড গুলি চালানো হয়, পুলিশের আত্মরক্ষার্থে ২০ রাউন্ড পাল্টা গুলি ছোড়া হয়। আধা ঘণ্টার বেশি সময় ধরে দু’পক্ষের মধ্যে গোলাগুলি চলে।
পুলিশের দৃঢ় প্রতিরোধে ডাকাতরা শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে সন্ধ্যা পৌনে ৬টার দিকে চাঁদপুরের মতলবের দিকে পালিয়ে যায়।
স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে নয়ন, পিয়াস, রিপন ও লালু বাহিনী মেঘনা নদী ও শাখা নদীতে অবৈধ বালুমহাল, নৌ চাঁদাবাজি এবং হত্যাকাণ্ড চালাচ্ছে। গত এক বছরে নদীতে সংঘর্ষ ও গোলাগুলিতে স্থানীয় কয়েকজন নিহত হয়েছেন।
ডাকাত বাহিনীর ভয়ভীতি ছড়িয়ে স্থানীয়রা মুখ খোলার সাহস পাচ্ছিলেন না। গ্রাম ছাড়তে বাধ্য হয়েছিল শতাধিক পরিবার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই জামালপুরে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়, যার ফলে গ্রামে শান্তি ফিরতে শুরু করে এবং ডাকাতদের কার্যক্রমে বাধা সৃষ্টি হয়।
পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা এসআই (নিরস্ত্র) সৈয়দ আজহারুল ইসলাম গজারিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মামলার ভিত্তিতে র্যাব-১১, সদর কোম্পানি নারায়ণগঞ্জ অভিযান চালিয়ে ঢাকা ও গাজীপুর থেকে রিপন ডাকাতসহ তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করলেও, পুলিশের তৎপরতা ও র্যাবের টহল বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে ধীরে ধীরে নিরাপত্তা ও আস্থা ফিরছে।