
মোঃ আলমগীর হোসেন।।
গাজীপুরের শ্রীপুর থানার দুই এসআইয়ের বিরুদ্ধে। একই সাথে এক ভুক্তভোগীর বাড়িতে চুরির ঘটনায় আটক ব্যক্তিকে অন্য মামলায় আদালতে পাঠানোর অভিযোগ পাওয়া গেছে।
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শকের কাছে এমন অভিযোগ করেন শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামের বাসিন্দা আল আমিন। অন্য ভুক্তভোগী জমিলা খাতুনও শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসির কাছে মৌখিক অভিযোগ করেছেন।
অভিযুক্ত এসআইদের মধ্যে একজন নাজমুল হক। যিনি ২০১৪ সালে শ্রীপুরে যোগদান করেন। এরপর টানা দায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি তিনি পুলিশের নিয়মিত প্রশিক্ষণে চলে যান। অভিযুক্ত অপর এসআই সুজন কুমার পন্ডিত। তিনিও ঘোরেফিরে শ্রীপুর থানায় যোগদান করেন। নাজমুল হক প্রশিক্ষণে চলে যাওয়ার পর সুজন কুমার মামলা তদন্তের দায়িত্ব পান। দুজনেই দীর্ঘদিন ধরে পূন বদলির মাধ্যমে শ্রীপুর থানায় কর্মরত রয়েছেন।
মহা পুলিশ পরিদর্শকের কাছে দায়ের অভিযোগ থেকে জানা গেছে, গত বছরের ১১ অক্টোবর আল আমিনের বাড়ির জানালার গ্রিল কেটে একটি চুরির ঘটনা ঘটে। সে সময় স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায় চোরেরা। পরে এই ঘটনায় ক্ষতিগ্রস্ত আল আমিন শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর তদন্ত শেষে ১২ অক্টোবর তারিখে একটি মামলা রুজু হয়। ঘটনার এক মাস পর চুরি হওয়া একটি মোবাইল ফোন সচল হয় । বিষয়টি মামলার তদন্তকারী কর্মকর্তা নাজমুল হককে জানান আল আমিন। কিন্তু নাজমুল মোবাইল ফোন উদ্ধার সহ চুরি যাওয়া অন্যান্য মালামাল উদ্ধারে তৎপরতা দেখাননি। এর কয়েকদিন পর সন্দেহভাজন এক আসামিকে গ্রেপ্তার করে তিনি আদালতে পাঠান। তবে গ্রেপ্তারের বিষয়টি মামলার বাদি আল আমিনকে জানানো হয়নি। অথচ বিধি অনুযায়ী তাঁকে পুলিশের পক্ষ থেকে বিষয়টি জানানোর কথা। এর মধ্যে নাজমুল হক প্রশিক্ষণে চলে যান। মামলা তদন্তের দায়িত্ব পড়ে একই থানার এস আই সুজন কুমার পন্ডিতের উপর। তিনি বাদিকে কোনো কিছু না জানিয়ে মামলার চূড়ান্ত রিপোর্ট দাখিল করেন।
আল আমিন তার অভিযোগে উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে নাজমুল হক একই এলাকায় চাকরি করার কারণে স্থানীয় অপরাধী চক্রের সঙ্গে তার সখ্য হয়েছে। দেশের সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ গাজীপুরে পুলিশ সুপার থাকাকালীন তার সঙ্গে ও শ্রীপুর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামানের সঙ্গে মিলেমিশে তিনি বিভিন্ন ধরনের অপকর্ম করেছেন। শ্রীপুরে বিএনপি ও জামাতি ইসলামের নেতাকর্মীদের হয়রানি করেছেন। ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে তার গোপন সম্পর্ক গড়ে ওঠে। তিনি তাদেরকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে অনৈতিক সুবিধা নিচ্ছেন। অভিযোগে বলা হয়, ৫ আগস্ট এর পর গাজীপুরের অধিকাংশ পুলিশ সদস্যকে অন্যান্য স্টেশনে বদলি করা হলেও নাজমুল হক ছিলেন স্বপদে বহাল। জমি দখলদারদের সাথে তার রয়েছে সখ্যতা। বিভিন্ন জমির সমস্যার সমাধান করিয়ে দেওয়া ও জমি দখলে সাধারণ মানুষকে হুমকি ধামকি দেওয়ারও অভিযোগ রয়েছে এই এসআই য়ের বিরুদ্ধে। এখনও তিনি স্বেচ্ছাচারী আচরণ করে সেবাপ্রার্থীদের নাজেহাল করছেন। একাধিক বার জেলা পুলিশকে অবগত করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
আরেক ভুক্তভোগী জমিলা খাতুন,২৩ জুলাই আমার বাড়ির তালা কেটে মূল্যবান জিনিস নিয়ে যায়। এ ঘটনার পর আমার বাড়ির চুরিকৃত মালামাল বিক্রির একটি ভিডিও দেখে আমি থানায় অভিযোগ করি। এরপর এসআই সুজন আমার কাছ থেকে ১৩ হাজার টাকা নেন এবং আসামি ধরবে বলে আশ্বাস দেন। কয়েকদিন পর মালামাল বহনকারী রিকশা চালক ধরে এবং বিস্তারিত জানতে পারে। অন্যান্য আসামির সাথে যোগাযোগ করে আমার মামলা এন্ট্রি না করে এবং আমাকে না জানিয়ে ওই রিকশা চালককে অন্য মামলায় চালান দেয় দারোগা। এতে আমার ঘটনা ধামাচাপা দেওয়ার পায়তারা করে। পরে আমি ওসির সাথে যোগাযোগ করলে মামলা হয় এবং একজন আসামি গ্রেপ্তার হয়। এ এরআগেও আমার গলায় দা ধরে ডাকাতির চেষ্টা করে। সে বাড়ি ছেড়ে এখন অনত্র থাকি। পুলিশ এমন করলে আমরা কই যামু।
এদিকে শ্রীপুর পৌরসভার ফালু মার্কেট একটি হত্যা মামলা নিয়ে আসামির রিমান্ডে ভয় দেখিয়ে সিদ্দিক মিয়ার কাছ থেকে টাকা গ্রহনের অভিযোগের কথা বলেছেন ভুক্তভোগী। সিদ্দিক ও জমিলা খাতুনের বক্তব্য প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে।
সব অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত এস আই নাজমুল হক বলেন, আমি আল আমীনের ওই মামলায় দেড় মাসের জন্য তদন্তকারী কর্মকর্তা ছিলাম। পরে সুজন কুমার পন্ডিত দায়িত্ব পায়। উনি কি করেছে সেটা আমি জানি না। আর সব মামলায় তো আর চুরিকৃত মালামাল পুরোপুরি রিকভারি দেওয়া সম্ভব হয়না। পূনরায় শ্রীপুর থানায় আসার কারণ হিসেবে তিনি বলেন, এখানের একটি ব্যাংকে আমার স্ত্রী চাকরি করে। আমাদের সন্তান নেই ডাক্তারের পরামর্শে উর্ধতন কর্মকর্তাদের কাছে আবেদন করে এ থানায় আসা।
অভিযুক্তদের আরেকজন সুজন কুমার পণ্ডিতের সাথে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি। মুঠোফোন দিলেও তিনি রিসিভ করেননি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন, হেডকোয়ার্টারে অভিযোগ দিলে সেখান থেকেই তদন্তের জন্য নির্দেশনা দিবে। এ বিষয়ে আপাতত আমি কিছুই জানি না। তবে, অভিযোগ প্রমাণিত হলে উর্ধতন কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক বলেন, এ বিষয়ে আমার জানা নেই। আর পুলিশের বিরুদ্ধে হেডকোয়ার্টারে অভিযোগ দিয়েছে ওখান থেকে তদন্ত করবে সেটা নিয়ে আপনি ‘উদ্বেগ’ কেনো।ভুক্তভোগীরা পুলিশের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে আপনি এতো কনসার্ন কেনো..?. আমার কাছে অভিযোগ দিলে আমি বলতে পারতাম। পুলিশ সুপারের অফিসে ভুক্তভোগী জানিয়েছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সেটা আমি জানি না। আমাকে কিছু বলেনি।