প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 27, 2025 ইং
ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের গ্যাস সংকটে উৎপাদন বন্ধ

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সংকটের কারণে আড়াই মাস ধরে উৎপাদন বন্ধ রয়েছে। এ বিদ্যুৎ কেন্দ্রের এক হাজার ৬১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সাতটি ইউনিটের মধ্যে সব ইউনিটের বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুই বছর ধরে বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সংকট চলছে। এ কারণে গত ৯ জুন ২১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার ৫ নম্বর ইউনিট, ১৩ জুন ৩৬০ মেগাওয়াটের ৪ নম্বর ইউনিট এবং ১৪ জুন ৩৬০ মেগাওয়াটের ৭ নম্বর ইউনিটের উৎপাদন একেবারে বন্ধ হয়ে যায়। সরকার সার কারখানায় গ্যাস দেওয়ায় বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে। বিকল্প উপায়ে গ্যাস সরবরাহের জন্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় আবেদন করা হয়েছে।
ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী এনামুল হক গনমাধ্যমকে জানান, ৪, ৫ ও ৭ নম্বর ইউনিটে কোনো যান্ত্রিক ত্রুটি নেই। গ্যাস পেলেই উৎপাদন শুরু হবে।
তিনি আরও জানান, গত জুন মাসের প্রথম দিকে প্রথমার্ধে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩৬০ মেগাওয়াটের ৩ নম্বর ইউনিটের টারবাইনের রোটারের ব্লেডে সমস্যা দেখা দেয়। এর পর থেকে এই ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ। এটি এখন মেরামতের শেষ পর্যায়ে। গ্যাস সংযোগ চালু করলে এ ইউনিটেও বিদ্যুৎ উৎপাদন আবার শুরু হবে।
তাপবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, ২০১০ সালের জুন মাসে ২১০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ৬ নম্বর ইউনিটে আগুন লেগে টারবাইন পুড়ে যায়। সেই থেকে ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।