
বেলায়েত হাওলাদার।।
মাদারীপুরের শিবচরে পরপর দুই ইট ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে ও মঙ্গলবার সকালে উপজেলার মাদবরচর হাট ও মাদবরচর ক্লাব এলাকায় এ দুটি ঘটনা ঘটে।
আহতরা হলেন—নুর ইসলাম উকিল (৩৫), খাড়াকান্দি গ্রামের তোতা মিয়া উকিলের ছেলে এবং ফরিদ উকিল (৩৬), একই এলাকার বাচ্চু উকিলের ছেলে। বর্তমানে তারা শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত ১১টার দিকে ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন নুর ইসলাম উকিল। পথে মাদবরচর হাট এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
অপরদিকে মঙ্গলবার সকালে মাদবরচর ক্লাব এলাকায় ফরিদ উকিলকে একা পেয়ে দুর্বৃত্তরা হামলা চালায়। এ সময় তাকেও কুপিয়ে জখম করা হয়। তার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত দুজনকেই উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।