প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 26, 2025 ইং
হোমনায় পিকআপ ভ্যানসহ ২০ কেজি গাঁজা উদ্ধার, আটক-১

মোঃ আসাদুল্লাহ , কুমিল্লা,হোমনা
কুমিল্লার হোমনায় ২০ কেজি গাঁজা ও একটি পিকআপ ভ্যানসহ মোঃ সুজন (২০) নামের এক মাদক কারবারি কে আটক করেছে থানা পুলিশ। আটককৃত সুজন কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া থানার ছাতিয়ানী গ্রামের মৃত বারেক মিয়ার ছেলে।
সোমবার (২৫ আগস্ট) উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের কাঠপট্টি এলাকায় সাদ্দাম বাজার ব্রিজের মুখে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনাকালে তাকে আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, সোমবার সকালে এসআই জীবন বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ মাথাভাঙ্গা ইউনিয়নের কাঠপট্টি এলাকায় সাদ্দাম বাজার ব্রিজের মুখে চেকপোস্ট বসিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন একটি হলুদ রঙের টাটা পিকআপ মাদক নিয়ে ছিনাইয়া এলাকা দিয়ে মেঘনা হয়ে ঢাকার দিকে যাওয়ার পথে পুলিশ তার পথরোধ করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি থামিয়ে চালক সুজন পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ পিছু ধাওয়া করে তাকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যমতে তল্লাশি করে পিকআপটির পেছনে মাছের ড্রামের ভেতর থেকে ৮টি প্যাকেট থেকে মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং গাড়িটিকে জব্দ করা হয়।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানে ২০ কেজি গাঁজাসহ পিকআপ ভ্যান ও চালক সুজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।