
মঞ্জুরুল আলম মোজাহিদ।।
শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার চার্জশিট আজ সোমবার (২৫ আগস্ট, ২০২৫) বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬ এর আদালত গ্রহণ করেছেন। আদালতের এই আদেশের ফলে মামলাটি এখন বিচারের জন্য প্রস্তুত।
আদালতের কার্যক্রম চলাকালে নিহত অ্যাডভোকেট আলিফের বাবা উপস্থিত ছিলেন। এই মামলায় মোট ৩৯ জন আসামিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এদের মধ্যে ইসকন নেতা চিন্ময়ও রয়েছেন, যিনি প্রধান আসামিদের একজন।
মামলার তদন্ত চলাকালীন সময়ে, একজন অভিযুক্ত, সুকান্ত দাসকে চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু আদালতের কাছে সুকান্ত দাসের হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণের ছবি ও ফুটেজ উপস্থাপন করা হয়। এছাড়াও, সিডিএমএস (CDMS) যাচাই করে দেখা যায় যে সুকান্ত দাসের বিরুদ্ধে চট্টগ্রাম শহরে মাদক ও অস্ত্র সংক্রান্ত মোট ৮টি মামলা রয়েছে। এই তথ্য-প্রমাণের ভিত্তিতে আদালত আমাদের আবেদন গ্রহণ করেন এবং সুকান্ত দাসকে চার্জশিটে অন্তর্ভুক্ত করে মোট ৩৯ জন আসামির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন।
মামলার মোট ৩৯ জন আসামির মধ্যে ১৮ জন পলাতক রয়েছেন। আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করেছেন।
এই মামলার চার্জশিট গৃহীত হওয়ায় এটি এখন দ্রুত বিচার প্রক্রিয়ার দিকে এগোবে বলে আশা করা হচ্ছে। এই হত্যাকাণ্ড ন্যায়বিচার নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।