
মোঃ শাহিনূর ইসলাম।।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার, সদর ইউনিয়নের ছালুয়াতলা গ্রামের তুলা মিয়াকে ( ৩৫) এলোপাতাড়ি কু*পি*য়ে নৃশংসভাবে হ*ত্যা করেছে একই এলাকার গেরাপচা গ্রামের মৃত বক্তার হোসেনের ছেলে নাজমুল হোসেন (৩০) নামের এক ঘাতক । নি-হ-ত তুলা মিয়া ওই এলাকার নুরুল আলমের পুত্র। রবিবার (২৪ আগস্ট) রাত আনুমানিক ৯:০০ টার দিকে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত তুলা মিয়া ও নাজমুল হক একসঙ্গে চলাফেরা করতেন। তাঁরা চুরির সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। রোববার রাতে নাজমুল তাঁর বাড়িতে ডেকে নিয়ে যান তুলা মিয়াকে। খাওয়া-দাওয়ার পর হঠাৎ নাজমুল দা দিয়ে তাঁকে কোপাতে শুরু করেন। এ সময় তুলা মিয়া পালানোর চেষ্টা করলে ধানক্ষেতের আইলে পড়ে যান। পরে নাজমুল এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান।
স্থানীয় লোকজন তুলা মিয়াকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানভীর ইবনে কাদের বলেন, “হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়। শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।”
ঘটনার পর থেকেই নাজমুলকে গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। সোমবার ভোররাতে তাঁর সঙ্গে থাকা এক নারীকে সেহড়াতলী গ্রাম থেকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করলেও নাজমুল পালিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “পারিবারিক দ্বন্দ্ব ও টাকা ভাগাবন্টনকে কেন্দ্র করে এই হত্যাকান্ড হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে জানান ।”