
মোহাম্মদ আলী মাস্টার।।
সরাইল ও নাসির নগর উপজেলার একটি সংযোগ সেতুর কাজ দীর্ঘদিন ধরে ফেলে রেখে লাপাত্তা ঠিকাদার, ফলে গুরুত্বপূর্ণ সেতুর কাজ বন্ধ থাকায় দুর্ভোগ বাড়ছে দুই উপজেলার ২০ টিরও বেশি গ্রামের বাসিন্দারা।এরই মধ্যে বাড়ানো হয়েছে সেতুর নির্মাণ প্রকল্পের কাজ। তবে নির্মাণ কাজের আশানুরূপ অগ্রগতি না হলেও বর্ধিত মেয়াদের মধ্যেই সেতুর কাজ সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এলজিইডি।সরাইলের অরুয়াইল ও নাসিরনগরের চাতলপাড় ইউনিয়নকে ভাগ করেছে কান্তার খাল।সেতু না থাকায় বর্ষায় নৌকা আর শুষ্ক মৌসুমে পায়ে হেঁটেই খাল পার হতে হয় দুই ইউনিয়নের বাসিন্দাদের।
দুইবছর আগে নাইনব্রিজ প্রকল্পের আওতায় কান্তার খালে সেতু নির্মাণে ঠিকাদার প্রতিষ্ঠান হাসান এন্টারপ্রাইজের সংগে চুক্তি করে এলজিইডি।নির্মাণ ব্যয় ধরা হয় ৬ কোটি ৮২ লক্ষ টাকা, তবে স্থানীয়দের অভিযোগ দায়সারা ভাবে অর্ধেক কাজ করেই লাপাত্তা ঠিকাদার সেতু নির্মাণ বন্ধ থাকায় স্থানীয়দের মাঝে ভীষণ ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সেতুর কাজ শুরু করার পর শ্রমিকরা অনিয়মিত হয়ে পড়ে। ফলে সেতুর কাজ বন্ধ হয়ে যায়।
প্রতিদিন সরাইলের অরুয়াইল, পাকশিমুল এবং নাসিরনগরের চাতলপাড় ইউনিয়নের ২০ টিরও বেশি গ্রামের বাসিন্দারা নৌকায় পার হয় কান্তার খাল। দিনে নৌকা চললেও সন্ধ্যা ঘনিয়ে আসতেই পারাপারে সৃষ্ঠি হয় নানা বিপত্তি। তবে কাজ বন্ধের অভিযোগ ঠিক নয় দাবি করে বর্ধিত মেয়াদের মধ্যেই সেতু নির্মাণের কাজ শেষ হবে বলে আশ্বাস দিয়েছেন এলজিইডি।
জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ এমদাদুল হক বলেন, সেতুটির স্ট্রাকচার অংশের কাজ প্রায় শেষের দিকে। কিছু দিন পরেই আবার কাজ শুরু হবে। বর্তমান সময়কালের মধ্যেই কাজ শেষ করতে পারবে বলে এলজিইডি ভুক্তভোগীদের আশ্বস্থ করে।