
মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর কালুখালী উপজেলার মোহনপুর এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৩ আগস্ট) দুপুর ২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে দৌলতদিয়া ঘাটগামী সরকার পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা কুষ্টিয়াগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাকের চালক আসলাম (৪০) ট্রাকের মধ্যে আটকা পরে। চালককে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দরজা ভেঙে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি কুষ্টিয়ার মিরপুর উপজেলার মহরের ছেলে।
দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
বাসের যাত্রী ফরহাদ হোসেন জানান, “আমি চালকের পেছনের আসনে বসে ছিলাম। হঠাৎ দেখি, চালক একটি পাট বোঝায় ছোট গাড়ীকে ওভারটেক করতে গিয়ে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে চালক লাফিয়ে পড়ে পালিয়ে যায়। তারপর আমার জ্ঞান ছিল না। স্থানীয়রা আমাকে নিচে নামিয়ে আনে।
আরেক যাত্রী আলামিন বলেন, “বাসটি অতিরিক্ত গতিতে চালানো হচ্ছিল। চালকের বেপরোয়া আচরণের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। আমাদের অনেকেরই সামান্য আঘাত লেগেছে।”
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুণ অর রশিদ জানান, “দুর্ঘটনার পর বাসচালক ও তার সহকারী পালিয়ে যায়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”