প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 24, 2025 ইং
গজারিয়ায় নৌ ডাকাতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধনে হামলা

গজারিয়ায় গুয়াগাছিয়া ইউনিয়নে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে একাধিক নৌ ডাকাত দল। সম্প্রতি এসব সন্ত্রাসীদের হাতে তিনটি হত্যাকাণ্ড সংঘটিত হলেও প্রশাসনের কার্যকর ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। এ অবস্থায় নৌ ডাকাতদের গ্রেফতারের দাবিতে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে।
শনিবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জামালপুর ও হোগলাকান্দি গ্রামের তিন শতাধিক নারী-পুরুষ অংশ নেন। মানববন্ধন শেষে নিহত হৃদয় বাঘের স্বজনরা বাড়ি ফেরার পথে নয়ন–পিয়াস বাহিনীর সদস্যরা কয়েকটি ইঞ্জিনচালিত নৌকাযোগে তাদের উপর হামলা চালায়। উপস্থিত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও ভুক্তভোগীরা অভিযোগ করেন, পুলিশ বরং তাদের ভয়ভীতি দেখিয়ে সরে যেতে বাধ্য করেছে।
মানববন্ধনে নিহত হৃদয় বাঘের মা মানছুরা বেগম বলেন, “গত কয়েক মাসে নৌ ডাকাত নয়ন–পিয়াস ও লালু গ্রুপের হাতে তিনটি হত্যাকাণ্ড ঘটেছে। আমার ছেলেসহ নিরীহ তিনজনকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই, আমি তাদের ফাঁসি চাই। অথচ আজ পুলিশের সামনেই তারা আমাদের উপর হামলা চালিয়েছে।”
স্থানীয়দের অভিযোগ, লালু, সৈকত, নয়ন ও পিয়াস নামের সন্ত্রাসীরা একের পর এক হত্যাকাণ্ড চালালেও প্রশাসন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। এ অবস্থায় তারা দ্রুত গ্রেফতার ও দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।