
ইব্রাহিম খলিল
কুমিল্লার লালমাইয়ে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে আবদুল মান্নান ওরফে মনু মিয়া নামের সত্তরোর্ধ্ব শ্বশুরকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের কয়েকজন যুবক বৃদ্ধকে বাড়ি থেকে ধরে নিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। একইদিন বিকেলে ভুক্তভোগী নারীর মা বাদী হয়ে শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেছেন।
গ্রেপ্তার আবদুল মান্নান ওই গ্রামের মৃত মনছুর আলীর ছেলে।
আবদুল মান্নানের ছেলে প্রবাসী। পুত্রবধূ (২২) তার ৬ বছরের ছেলেকে নিয়ে নিজ বাড়িতে একই ঘরে বসবাস করতেন।
মামলার বিবরণ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার রাত ১০টার দিকে নাতি ঘুমিয়ে গেলে শ্বশুর পুত্রবধূর ঘরে ঢুকে ভয় দেখিয়ে ধর্ষণ করে। ঘটনার পর ভুক্তভোগী নারী তার প্রবাসী স্বামীকে বিষয়টি জানালে তিনি মামলা করার পরামর্শ দেন।
বিষয়টি জানাজানি হওয়ায় বৃহস্পতিবার দুপুরে ভাটরা গ্রামের কয়েকজন যুবক অভিযুক্ত বৃদ্ধকে বাড়ি থেকে ধরে নিয়ে পুলিশে সোপর্দ করে।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী নারী কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তার মায়ের লিখিত অভিযোগে মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত শ্বশুরকে স্থানীয়দের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়েছে।