প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 21, 2025 ইং
বান্দরবানে চাঁদের গাড়ি দুর্ঘটনায় নারী নিহত, আহত ৫

উমংনু মারমা, বান্দরবান প্রতিনিধি;
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় চাঁদের গাড়ি দুর্ঘটনায় হ্লায়ইনু মারমা (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনায় শিশুসহ আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন।
আজ বুধবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ২ নম্বর তারাছা ইউনিয়নের মেরাই পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হ্লায়ইনু মারমা হেডম্যান পাড়ার বাসিন্দা চথোয়াইমং মারমার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বান্দরবান সদর থেকে ছেড়ে আসা একটি চাঁদের গাড়ি তারাছা ইউনিয়নের বেতছড়া এলাকার উদ্দেশ্যে যাচ্ছিল। পথে মেরাই পাড়ার উঁচু ঢালু এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলে গাড়িটি উল্টে গিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই হ্লায়ইনু মারমার মৃত্যু হয় এবং শিশুসহ পাঁচজন যাত্রী আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনুমং মারমা বলেন, দুর্ঘটনার সময় গাড়িটি (নম্বর বি-৭০) সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই একজন নারী নিহত হয়েছেন এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ্র মুকুল বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়। আহতদের চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।