
বুধবার (২০ আগস্ট) সকাল ৯টায় চট্টগ্রাম নগরের খুলশীস্থ মাইজভাণ্ডারী খানকা শরীফে শুরু হয় খতমে কোরআন, খতমে বোখারী ও খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)।
পরে পবিত্র আখেরি চাহার শোম্বা উপলক্ষ্যে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন মাইজভাণ্ডার গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের নায়েব সাজ্জাদানশীন এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি) এর ম্যানেজিং ট্রাস্টি শাহ সুফি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী। রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর উপর আলোচনায় অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, মুফাসসির, মুহাদ্দিস, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দ।
গাউছুল আজম মাইজভাণ্ডারীর আদর্শ ও ত্বরিকাবাহী ম্যাগাজিন ‘জ্ঞানের আলো’র ৪ জন নিয়মিত লেখককে সম্মাননা স্মারক ও উছুলে ছাবয়ার উত্তরীয় প্রদান করা হয়।
এতে অতিথি হিসেবে অংশ নেন খান এগ্রো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সৈয়দুল হক খান, ফনিক্স শিপিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন সৈয়দ সোহেল হাসনাত, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু তাহের, শাহজাদা সৈয়দ এরহাম হোসাইন, শাহজাদা সৈয়দ মানাওয়ার হোসাইন এবং ইশফার মাহতাব উল্লাহ।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহ শান্তি ও কল্যাণ কামনা করে আাখেরি মোনাজাত পরিচালনা করেন আওলাদে রাসুল সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম হযরত মাওলানা শাহ্ সুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)।
উল্লেখ্য, হিজরি সালের সফর মাসের শেষ বুধবার মুসলিম বিশ্বে অত্যন্ত মর্যাদাপূর্ণ স্মারক দিবস হিসেবে পবিত্র আখেরি চাহার শোম্বা পালিত হয়। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) জীবনে শেষবারের মতো রোগমুক্তি লাভ করেন বলে দিনটিকে মুসলমানেরা প্রতিবছর ‘শুকরিয়া দিবস’ হিসেবে পালন করেন। তাঁরা নফল ইবাদত-বন্দেগির মাধ্যমে দিবসটি অতিবাহিত করেন।