
রাশিদুল ইসলাম।।
দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য প্রকাশিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে ৪১ হাজার ৬২৭ জন প্রার্থী নিয়োগ পেলেও কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার বদরপুর দাখিল মাদ্রাসা এবারও কোনো শিক্ষক পায়নি। ফলে প্রতিষ্ঠানটি আবারও নিয়োগ সুবিধা থেকে বঞ্চিত হলো।
এলাকার সুধীজনরা আশঙ্কা প্রকাশ করেছেন, প্রাপ্ত শিক্ষক না থাকায় বদরপুর দাখিল মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের মেরুদণ্ড ভেঙে পড়বে। বর্তমানে প্রতিষ্ঠানে শিক্ষার্থী সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, কিন্তু শিক্ষক সংকট তীব্র আকার ধারণ করেছে।
অত্র উপজেলার একাডেমিক সুপারভাইজার জনাব গোলাম কিবরিয়া মহোদয় কে শিক্ষক নিয়োগের ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, নিয়োগের সম্পূর্ণ ইখতিয়ার এন টি আর সির এখানে অফিসিয়ালি আমাদের কোন হাত নেই তবে বারবার আবেদন করেও বদরপুর মাদ্রাসা শিক্ষক নিয়োগ থেকে বঞ্চিত বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত আকারে অবহিত করব এবং ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করব যাতে করে অত্র প্রতিষ্ঠানটির শিক্ষার গুণগতমান ঠিক থাকে।
মাদ্রাসাটির ভারপ্রাপ্ত সুপার আনিছুর রহমান গভীর দুঃখ প্রকাশ করে বলেন,
“এবারও আমরা শিক্ষক নিয়োগ থেকে বঞ্চিত হলাম। সামনের দিনগুলোতে কীভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করবো, তা বুঝতে পারছি না। একে তো শিক্ষক সংকট, তার ওপর বারবার আমাদের প্রতিষ্ঠানকে উপেক্ষা করা হচ্ছে। এটি যেন আমাদের উপর এক ধরনের জুলুম।”
অভিভাবকরা জানান, বদরপুর দাখিল মাদ্রাসা দীর্ঘদিন ধরে এ অঞ্চলের শিক্ষার্থীদের আলোকিত করছে। অথচ শিক্ষক নিয়োগ থেকে বারবার বঞ্চিত হওয়ায় মানসম্মত শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা নিয়মিত পাঠ গ্রহণে সমস্যার সম্মুখীন হচ্ছে, যা তাদের ভবিষ্যতের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে।
স্থানীয় সুধীজনরা বলেন, সরকারের নিয়োগ প্রক্রিয়া যদি সুষ্ঠুভাবে বাস্তবায়ন হতো, তবে বদরপুর দাখিল মাদ্রাসার মতো প্রতিষ্ঠানের শিক্ষক সংকট দূর হতো। তারা শিক্ষা মন্ত্রণালয় ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রতি দাবি জানিয়েছেন, দ্রুত বদরপুর দাখিল মাদ্রাসাকে শিক্ষক নিয়োগের আওতায় আনা হোক।
ইনফো বক্স: ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে শিক্ষক নিয়োগের চিত্র
মোট নিয়োগপ্রাপ্ত প্রার্থী: ৪১,৬২৭ জন।
সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ): ৩৪,০০০+ জন।
মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান: ৭,০০০+ জন।
কুড়িগ্রাম জেলায় নিয়োগপ্রাপ্ত: ১,২০০+ জন।
রাজিবপুর উপজেলায় নিয়োগপ্রাপ্ত: ২০+ জন।
বদরপুর দাখিল মাদ্রাসা: ০ জন (কোনো নিয়োগ হয়নি)