প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 19, 2025 ইং
শেরপুরের সাবেক পুলিশ সুপার কাজী আশরাফুল আজিমকে সাময়িক বরখাস্ত

মোঃ শাহিনূর ইসলাম
জেলা প্রতিনিধি
শেরপুর জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) কাজী আশরাফুল আজীমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার (১৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব নাসিমুল গনি।
আশরাফুল আজীম ও ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ ১৮ কর্মকর্তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
কাজী আশরাফুল আজীম পুলিশ সুপার, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি'র কার্যালয়, চট্টগ্রামে সংযুক্ত ও ডিএমপির সাবেক উপ-পুলিশ কমিশনার ছিলেন। তিনি করোনাকালীন শেরপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রজ্ঞাপনে বলা হয়, এই ১৮ জন পুলিশ কর্মকর্তা কর্তৃপক্ষের বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাই তাঁরা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ‘পলায়ন’-এর শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হয়েছেন। এ কারণে প্রজ্ঞাপনে তাঁদের নামের পাশে উল্লিখিত তারিখ হতে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তাঁরা খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।