প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 19, 2025 ইং
কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

জিএম মোখলেসুর, কালিগঞ্জ, সাতক্ষীরা প্রতিনিধিঃ
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা অফিসার্স ক্লাবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অফিসার্স ক্লাব চত্বরে ফিরে আসে।
কালিগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মণ্ডল। এসময় তিনি বলেন, কালিগঞ্জের মাটি ও পানি মাছ চাষের জন্য অত্যন্ত উপযোগী। আধুনিক চাষাবাদে চাষিদের প্রশিক্ষণ দেওয়া জরুরি। পাশাপাশি অবৈধভাবে খাল দখল করে নেট-পাটা বসিয়ে মাছ চাষকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল, আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মণ্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আকরাম হোসেন, হ্যাচারি কর্মকর্তা আজারুল হক প্রমুখ।
পরে উপজেলার সফল মৎস্যচাষী ও মৎস্য উদ্যোক্তাদের মধ্যে সম্মাননা প্রদান করা হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।