
ইব্রাহিম বাদশা, মীরসরাই, চট্টগ্রাম।
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এ স্লোগানকে ধারণ করে মীরসরাইয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ পালিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৮ আগস্ট) র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও পোনা অবমুক্তকরণের আয়োজন করা হয়।
সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন অফিস স্টাফ বেলাল মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, প্রাণীসম্পদ কর্মকর্তা জাকিরুল ফরিদ, কোস্ট গার্ড কর্মকর্তা আবুল কালাম, মৎস্যচাষী অধ্যক্ষ মোহাম্মদ আলী, ইকবাল হোসেন ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামীসহ আরও অনেকে।
আলোচনা শেষে শ্রেষ্ঠ মৎস্যচাষীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে উপজেলা সদরের পুকুরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পোনা মাছ অবমুক্তকরণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।