
মোঃ হামজা শেখ।।
রাজবাড়ীর পাংশায় জাতীয় মৎস্য সপ্তাহ–২০২৫ উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পৃথ্বীজ কুমার দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এবাদত হোসেন এবং উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মো. রবিউল ইসলাম।
উদ্বোধনের আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করা হয়। এসময় তিনজন সফল মৎস্য চাষীকে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
জাতীয় মৎস্য সপ্তাহ–২০২৫ উদযাপন কমিটির আয়োজনে এসব কর্মসূচি ১৮ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পালিত হবে।