
মো.মেহেদী হাসান।।
পাবনার ভাঙ্গুড়ায় সড়কের ওপর থেকে অজ্ঞাত পরিচয় দুই ছিন্নমূল নারীর মরদেহ উদ্ধার করেছে থানা-পুলিশ। একজনের বয়স আনুমানিক ৬৫ বছর এবং অপরজনের বয়স ৫০ বছর।
আজ সোমবার (১৮ আগস্ট) সকাল ৯ টার দিকে পৌরসভার চৌবাড়ীয়া উত্তরপাড়া এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া দুই নারীর মাথা ফেটে মগজ বের হয়ে গেছে। পুলিশ ও স্থানীয়দের ধারণা, রাতের বেলায় কোনো এক সময় দুধের লরি চাপায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে চৌবাড়ীয়া উত্তরপাড়া এলাকায় পাকা সড়কের ওপর অজ্ঞাত ছিন্নমূল ওই দুই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় মুসল্লীরা। পরে বিষয়টি থানা-পুলিশকে অবহিত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয়রা জানান, রোববার রাতে পৌরসভার বড়ালব্রিজ ষ্টেশন এলাকায় ওই দুই নারীকে ঘোরাঘুরি করতে দেখা গেছে।
ওসি মো. শফিকুল ইসলাম বলেন, 'ওই দুই নারীকে দেখে মনে হচ্ছে তারা ছিন্নমূল মানুষ। ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন। তাদের কাছ থেকে ভিক্ষার থলে ও খুচরা সামান্য টাকা উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় সনাক্তে পুলিশ চেষ্টা চালাচ্ছে।'