
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৭ আগস্ট ২০২৫) দুপুর ১২টায় ড. মুহাম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবনের ৩০৫ নং কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
প্রফেসর ড. আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহা. আশরাফ উজ্ জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ বেলাল হোসেন। এছাড়াও বিভাগের প্রাজ্ঞ শিক্ষকবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীনদের উষ্ণ অভ্যর্থনা জানান।
পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। নবীনদের ফুল দিয়ে বরণ করা হয় এবং বরণ সংগীত পরিবেশিত হয়। অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশে মূল্যবান দিকনির্দেশনা ও প্রেরণাদায়ক বক্তব্য প্রদান করেন।
এ সময় প্রফেসর ড. আনম মাসউদুর রহমান রাজশাহী বিশ্ববিদ্যালয় ও ইসলামিক স্টাডিজ বিভাগের পরিচিতি উপস্থাপন করেন। এছাড়া প্রফেসর ড. মুহাম্মদ শফিকুল ইসলাম “সূরা আল-হুজুরাত” থেকে শিক্ষণীয় বিষয় নিয়ে সংক্ষিপ্ত লেকচার দেন।
পরে নবীনদের হাতে অনার্স কোর্সের সিলেবাস, ক্লাস রুটিন, কলম ও ফাইল তুলে দেওয়া হয়। সকলের সফলতা কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। শেষে নাস্তা পরিবেশনের মাধ্যমে প্রাণবন্ত ও অনুপ্রেরণামূলক এ নবীনবরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।