প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 18, 2025 ইং
নোয়াখালীতে পলিথিন কারখানায় অভিযানে ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

মো: ফখর উদ্দিন, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অবৈধ পলিথিন উৎপাদন ও মজুদের দায়ে ভ্রাম্যমাণ আদালত দুই প্রতিষ্ঠানকে ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে। এ সময় ১৪ হাজার ১৭৯ কেজি নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল জব্দ করা হয়।
রোববার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার চৌমুহনী হকার্স মার্কেটের বাবলু প্যাকেজিংয়ের গোডাউন ও ব্যাংক রোডের রিপন প্যাকেজিং কারখানায় এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিবেশ সংরক্ষণ আইনে রিপন প্যাকেজিংয়ের মালিককে ৬ লাখ টাকা এবং বাবলু প্যাকেজিংয়ের প্রতিনিধিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। অভিযানে রিপন প্যাকেজিং থেকে ২০০ কেজি পলিথিন তৈরির কাঁচামাল এবং বাবলু প্যাকেজিং থেকে ১৩ হাজার ৯৭৯ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন নোয়াখালী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফাহিম হাসান খান। এ সময় র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুন্ডু এবং পরিবেশ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের উপপরিচালক মিহির লাল সরদারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।