
মোহাম্মদ মিঠুন হোসেন।।
কুষ্টিয়ায় বাড়তে শুরু করেছে পদ্মা নদীর পানি। ফারাক্কার বিরূপ প্রভাবে কুষ্টিয়ায় পদ্মা ও গড়াই নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত এক সপ্তাহে নদীতে পানি বেড়েছে প্রায় ১৫০ সেন্টিমিটার। সেই সাথে পদ্মার শাখা নদী গড়াই এর পানিও বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে দৌলতপুর উপজেলার পদ্মার চরাঞ্চলের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিম্নাঞ্চলের সব বিদ্যালয়ে ছুটি ঘোষণা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় শুন্য দশমিক ১০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড।
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে পানি অস্বাভাবিক হারে বাড়ছে। ফলে প্রতিদিন নতুন নতুন নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। ইতোমধ্যে চরাঞ্চলের চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের প্রায় ৪০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বন্ধ করে দেওয়া হয়েছে ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান। তলিয়ে গেছে গ্রামীণ সড়ক ও কয়েকশ হেক্টর ফসলি জমি।
অপরদিকে কুষ্টিয়া শহরের ওপর দিয়ে প্রভাবিত পদ্মার প্রধান শাখা গড়াই নদীর নিন্মাঞ্চল তলিয়ে গেছে। নদীর তীরবর্তী এলাকায় নিন্মআয়ের মানুষদের বাড়িঘরে পানি ঢুকে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে দিনমজুর এসব পরিবার। পানি যেন লোকালয়ে প্রবেশ না করে সে জন্য পূর্ব থেকে প্রস্তুতি নেয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি এলাকাবাসীর।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, ভারতে থেকে ফারাক্কা হয়ে পানি পদ্মায় পড়ছে। গত ২ আগস্ট থেকে ধারাবাহিকভাবে পদ্মার পানি বৃদ্ধি অব্যাহত আছে। প্রতিদিন গড়ে ১২ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত পানি বৃদ্ধি পাচ্ছে। বুধবার দুপুর ৩টায় ভেড়ামারার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মা নদীর পানির উচ্চতা ছিল ১২ দশমিক ৯০ সেন্টিমিটার। এই পয়েন্টের বিপৎসীমা হলো ১৩ দশমিক ৮০ সেন্টিমিটার। সে অনুযায়ী বিপৎসীমার ৯৮ সেন্টিমিটার (০ দশমিক ৯০ মিটার) নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল।
একই পয়েন্টে গড়াই পানির উচ্চতা ছিল ১১ দশমিক ২৯ সেন্টিমিটার। এই পয়েন্টের বিপৎসীমা হলো ১২ দশমিক ৩০ সেন্টিমিটার। সে অনুযায়ী বিপৎসীমার ১.২ সেন্টিমিটার (১ দশমিক ০১ মিটার) নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল।
বৃহস্পতিবার দুপুর পর্যন্ত রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয় ১৪.৭২ মিটার, যেখানে বিপদসীমা ১৫.৭০ মিটার।
হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি রয়েছে ১২.৯০ মিটার, যা বিপদসীমা (১৩.৮০ মিটার) থেকে এখনও ৯৮ সেন্টিমিটার কম। তবে আবহাওয়া ও উজান থেকে পানির প্রবাহ অব্যাহত থাকলে প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫ সেন্টিমিটার করে পানি বাড়তে পারে বলে জানিয়েছে পাউবো। ফলে দুই-এক দিনের মধ্যেই বিপদসীমা অতিক্রমের আশঙ্কা করা হচ্ছে।
কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় শহীদ তিতুমির সড়কে গিয়ে দেখা যায়, পাশ দিয়ে প্রভাবিত গড়াই নদী ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। গর্জনে আতঙ্কিত নদী পাড়ের মানুষ। ওই সড়কের পাশে নদীর তীরে শতাধিক পরিবারের বসবাস। তাদের অধিকাংশ বাড়িতে ঢুকে পড়েছে পানি।
অপরদিকে পদ্মা নদীতে দেখা যায়, পদ্মা নদীতে প্রতিদিন দ্রুত পানি বাড়ছে। দুদিন আগেও যেসব এলাকা শুকনা ছিল। এখন সেখানে বন্যার পানিতে থৈই থৈই করছে। দৌলতপুর উপজেলার চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের অধিকাংশ রাস্তাা ঘাট পানিতে তলিয়ে যাওয়ায় ইউনিয়ন দুটি মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় পঞ্চাশ হাজারের বেশি মানুষ।
চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম পানির নিচে চলে গেছে।
চিলমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, চলাচলের সড়কগুলো পানিতে তলিয়ে ইউনিয়নটি মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রতিদিন নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে। পানি বাড়তেই থাকলে বাড়িঘরেও পানি ঢুকে যাবে।
রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ মন্ডল জানান, নদীর ওপারে বসবাসরত প্রায় ২০ থেকে ২৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুশতাক আহম্মেদ জানান, শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নের ১৩টি বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখা হয়েছে। তবে বিদ্যালয়গুলো খোলা রাখা হয়েছে যাতে বন্যাকবলিত মানুষ সেখানে আশ্রয় নিতে পারেন।”
চরাঞ্চলের মরিচ, ভুট্টা, কলা, ধান, পাট ও সবজির ক্ষেত ইতোমধ্যে পানিতে তলিয়ে গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নুরুল ইসলাম বলেন, বন্যার পানিতে চরাঞ্চলের ব্যাপক ফসলহানি হয়েছে। বিশেষ করে মরিচ, সবজি, ভুট্টা, ধান, পাট এবং কলা বাগান ক্ষতিগ্রস্থ হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই সিদ্দিকী বলেন, পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় চারটি ইউনিয়ন ক্ষতির মুখে রয়েছে। এর মধ্যে চিলমারী ও রামকৃষ্ণপুর পুরোপুরি মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আমাদের সব ধরনের প্রস্ততি রয়েছে।
কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. তৌফিকুর রহমান বলেন, সরকারের পক্ষ থেকে ত্রাণের ব্যবস্থা করছি। তাদের প্রয়োজন হলে আমরা সার্বিকভাবে সহযোগিতা করবো। পানি আরও বাড়তে পারে। সেজন্য আমরা যথাযথ প্রস্ততি নিচ্ছি