প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 16, 2025 ইং
মেঘনা নদীতে নৌ-ডাকাতি প্রতিরোধ: গ্রামবাসীর জালে ধরা পড়লো ৩ ডাকাত

গাজী মাহমুদ পারভেজ ।। গজারিয়ার ভাটি বলাকী গ্রামে বাল্কহেডে ডাকাতি চালানোর সময় ককটেল বিস্ফোরণে এক ডাকাতের মৃত্যু হয়েছে। অপর দুই ডাকাতকে গ্রামবাসী গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে। ঘটনায় দুই গ্রামবাসীও আহত হয়েছেন।
শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভাটি বলাকী গ্রাম সংলগ্ন মেঘনা নদীর তীরে একটি স্পিডবোট নিয়ে সেখানে ডাকাতির চেষ্টা করে সংঘবদ্ধ একটি নৌ ডাকাত দল। তবে নদীতে জেলেরা থাকায় সুবিধা করতে না পেরে তারা ফিরে যায়।
এদিকে শনিবার (১৬ আগস্ট) ভোর সাড়ে সাতটার দিকে সংঘবদ্ধ নৌ ডাকাত দল স্পিডবোট ও একটি ট্রলার নিয়ে তারা আবার ফিরে আসে। খবর পেয়ে গ্রামের লোকজন তাদের বাধা প্রদান করে। আতঙ্ক তৈরি করতে ছয় রাউন্ড ফাঁকাগুলি বর্ষণ ও গ্রামবাসীকে উদ্দেশ্য করে ২/৩টি ককটেলের বিস্ফোরণ ঘটায় ডাকাতদল। গ্রামবাসীরা ট্রলারে থাকা ডাকাত দলের ৩ সদস্যকে ধাওয়া দিয়ে নদীর চর কিশোরগঞ্জ এলাকায় থেকে আটক করে জনতা। স্পিডবোটে থাকা ৫ থেকে ৬ জন ডাকাত দলের সদস্য পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা তাদের গণধোলাই দিয়ে সকাল সাড়ে নয়টার দিকে পুলিশে সোপর্দ করে। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মারা যায় একজন।
এই নিউজ লেখা অবস্থায় নিহত ও আহত ডাকাত সদস্যদের পরিচয় পাওয়া যায়নি। তবে ডাকাত দলের হামলা আহতরা হলো, ভাটি বলাকী গ্রামের ইসহাক বেপারীর ছেলে আলম (৩৭) ও একই গ্রামের রাসেলের ছেলে সোহাগ (১৬)।
এই সময় এক ককটেল দুর্ঘটনাক্রমে ডাকাত দলের এক সদস্যের হাতে বিস্ফোরিত হয়। ঘটনার জেরে ওই ডাকাতের হাত বিচ্ছিন্ন হয়ে যায় এবং পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। অপর দুই ডাকাত গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, ডাকাতরা পূর্বরাতে ইতিমধ্যেই বাল্কহেড থেকে নগদ ও মালামাল চুরি করে গিয়েছিল। পুনরায় হামলার চেষ্টায় গ্রামবাসী তাদের বাধা দেয়, যার ফলে তিনজন ডাকাতকে ধাওয়া দিয়ে আটক করা সম্ভব হয়।
এ বিষয়ে ভাটি বলাকী গ্রামের আবু তালেব খান সুজন জানায়, রাত সাড়ে তিনটার দিকে আমাদের ঘাটে থাকা তিনটি বাল্কহেড এর মধ্যে দুটি বাল্কহেড এ থাকা নগদ টাকা সহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল ডাকাতি করে নিয়ে যায়।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, “ঘটনাস্থল নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ পুলিশের সীমার মধ্যে পড়ায় তারা বিষয়টি দেখছে।”
কলাগাছিয়া নৌ পুলিশ ইনচার্জ সালেহ আহম্মেদ পাঠান জানান, “ডাকাতরা একটি জেলের ট্রলার চুরি করে হামলার চেষ্টা চালায়। গ্রামবাসীর সাহসী প্রতিরোধে এক ডাকাত নিহত হয়েছে, অপর দুইজন চিকিৎসাধীন। ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।”
নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের ডা. মো. জহিরুল ইসলাম জানান, আহতদের মধ্যে একজন মারা গেছে, একজন চিকিৎসাধীন। ডাকাতদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।