প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 16, 2025 ইং
ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত জুটের গুদাম ও প্লাস্টিক কারখানা

ইমদাদুল হক মুনতাসির।।
চট্টগ্রাম নগরের বাকলিয়া এক্সেস রোড এলাকায় শুক্রবার রাত আড়াইটা নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি জুটের গুদাম ও প্লাস্টিক কারখানা সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যেই তা পাশের গ্যারেজ, বসতবাড়ি ও কয়েকটি যানবাহনে ছড়িয়ে পড়ে। রাতের নীরবতা ভেঙে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ার কুণ্ডলী এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে দেয়। সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের চারটি স্টেশন থেকে মোট নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। দমকলকর্মীদের টানা আড়াই ঘণ্টার প্রচেষ্টার পর ভোর ৪টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে দাহ্য পদার্থের আধিক্য ও প্রবল তাপের কারণে সকাল সাড়ে ৮টা পর্যন্ত দমন ও শীতলীকরণ কার্যক্রম চালিয়ে যেতে হয়।
স্থানীয়রা জানান, রাতের বেলা হঠাৎ আগুন দেখতে পেয়ে তারা ভীত হয়ে পড়েন। অনেকেই ঘর থেকে বের হয়ে আসেন এবং নিজেদের মূল্যবান সামগ্রী নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার চেষ্টা করেন। তাদের ভাষ্য অনুযায়ী, প্রথমদিকে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে অনেকে প্রাণহানির আশঙ্কায় এলাকা ছেড়ে পালাতে শুরু করেন।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, গুদামে রাখা দাহ্য পদার্থ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুন নেভাতে দমকলকর্মীরা পানি সংকটে ভুগেছেন বলে জানা গেছে। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে বেশি।এ ঘটনায় ঠিক কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো নিরূপণ করা যায়নি। তবে ব্যবসায়ীরা দাবি করেছেন, কোটি টাকার পণ্য আগুনে ভস্মীভূত হয়েছে। স্থানীয় সূত্র বলছে, আগুনে শুধু শিল্প-কারখানাই নয়, আশপাশের কয়েকটি ছোট দোকান ও পরিবারেরও বড় ধরনের ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে দাহ্যপণ্য সংরক্ষণে বাড়তি সতর্কতা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।