
মোঃ নাছির উদ্দীন।।
যশোরের কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় নদীর ধারে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম তারেক সরদার (২৮), পিতা মৃত শহিদুল সরদার।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) সকালে মজিদ গাজীর বাড়ির পাশে নদীর ধারে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী কেশবপুর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
এলাকাবাসীর ধারণা, রাতের কোনো এক সময়ে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হত্যা করে ওই স্থানে ফেলে রেখে গেছে। তবে ঘটনার সঠিক কারণ এবং হত্যাকাণ্ডের পেছনের রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
হঠাৎ করে এক যুবকের লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রামবাসী দ্রুত ঘটনার রহস্য উদঘাটন ও অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।