
মোহাম্মদ আলী মাষ্টার।।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক বিক্রির অপরাধে সুমী বেগম নামে এক নারীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থ দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৩ আগস্ট) সকালে এ দণ্ড দেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন।
আদালত সূত্র ও এলাকাবাসী জানান, উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের জাহাঙ্গীর পাড়ার আজিজ মিয়ার স্ত্রী সুমী বেগম দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছেন। তাঁর স্বামীও এ ব্যবসার সঙ্গে সম্পৃক্ত।
মঙ্গলবার রাতে কালিকচ্ছ এলাকায় মাদক বিক্রির সময়ে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের লোকজন সহ এলাকাবাসী সুমী বেগমকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে তিনি মাদক বিক্রির কথা স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এ রায় দেন।