
জিয়াউল হক।।
ছাগলনাইয়ায় ছাত্রদল ও যুবদলের উপর হামলার অভিযোগ,২৪ ঘন্টার মধ্যে আসামিদেরকে ধরা না হলে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী বরাবর স্মারকলিপি দেওয়ার ঘোষণা
উপজেলা ছাত্রদল আহ্বায়ক নাদিম।
ফেনীর ছাগলনাইয়ায় ছাত্রদল ও যুবদলের দুই নেতার উপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী যুবলীগ নেতাদের বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে উপজেলা ছাত্রদলের উদ্যোগে স্থানীয় ফুডজোন রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. নাদিম উদ্দিন অভিযোগ করেন, গত ৯ আগস্ট ছাত্রদল নেতা ইয়াছিন শিকদার এবং ১১ আগস্ট যুবদল নেতা ইকবাল হোসেনের উপর স্থানীয় যুবলীগ নেতা রুবেল ও সেলিম গং হামলা চালায়।
তিনি জানান, ঘটনায় মামলা গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। চব্বিশ ঘণ্টার মধ্যে আসামীদের গ্রেফতার না করা হলে জেলা প্রশাসক ও ইউএনও বরাবর স্মারকলিপি দেওয়া হবে।
হামলার শিকার ইয়াছিন শিকদার ও ইকবাল হোসেন বলেন, “অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
সংবাদ সম্মেলনে নাদিম উদ্দিন অভিযোগ করেন, রাধানগর ইউনিয়ন চেয়ারম্যান রবিউল হক চৌধুরী মাহবুব এবং মহামায়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফজলুল করিম লিটন এ ঘটনায় জড়িত।
তবে ফজলুল করিম লিটন দাবি করেন, “ইয়াছিন শিকদারকে নিয়ে আমি থানায় অভিযোগ দিয়েছি, তখন বিএনপির প্রায় ৫০ জন নেতা-কর্মী উপস্থিত ছিলেন। ইকবাল বিষয়টি আমাকে জানায়নি।”
রবিউল হক চৌধুরী মাহবুবও অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।”
অভিযুক্ত রুবেল জানান, “আমি শ্রমিকদলের সাথে যুক্ত। ফেসবুকের একটি স্ট্যাটাস নিয়ে কথা কাটাকাটি হয়েছিল, কিন্তু কোনো মারামারি হয়নি।” সুমন সেলিমের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল বাশার বলেন, “অপরাধযোগ্য অভিযোগ হলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
সংবাদ সম্মেলনে জেলা ও উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।