
মাহমুদুল হাসান।।
এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) বিকেলে বানারীপাড়া উপজেলা অডিটরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপজেলার স্কুল ও মাদ্রাসা মিলিয়ে মোট ৯৭ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের মূলমন্ত্র ছিল— “স্বপ্ন-সাহস সাথে নিয়ে আগামীর পথ চলো, জ্ঞানের আলোয় গড়ব জগৎ — উচ্চ কণ্ঠে বলো”।
বরিশাল জেলা শিবিরের সেক্রেটারি সাইয়েদ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি হারুন অর রশীদ রাফি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা শিবির সভাপতি আলী আকবর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার আব্দুল মান্নান, বরিশাল বিশ্ববিদ্যালয় শিবির সভাপতি মোঃ আমিনুল ইসলাম, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সভাপতি ইসমাইল সরকার এবং পৌর জামায়াতের আমির কাওসার হোসাইন।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আতিকুল ইসলাম, যুব জামায়াত সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ, আল-আরাফা ব্যাংকের ম্যানেজার মাহতাব উদ্দিন, উপজেলা ছাত্রশিবির সভাপতি হাফেজ মেহেদী হাসান, সেক্রেটারি সাখাওয়াত হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।
অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদেরকে নৈতিকতা, জ্ঞান ও আদর্শের আলোকে নিজেদের গড়ে তুলে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।