প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 12, 2025 ইং
রাজনগরে বৃত্তি পরিক্ষায় সমঅধিকার দাবি

আহমেদ কবির।।
মৌলভীবাজারের রাজনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাবর স্বারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিটে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন রাজনগর উপজেলা শাখার আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে সংগঠনের পক্ষ থেকে ইউএনও বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেশের সকল শিক্ষার্থীর জন্য সমান সুযোগের একটি মঞ্চ। অথচ বর্তমানে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ পরীক্ষার বাইরে রাখা হচ্ছে, যা বৈষম্যমূলক এবং শিক্ষার সমতা নীতির পরিপন্থী। তারা দাবি জানান—
১. প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও অন্তর্ভুক্ত করতে হবে।
২. শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।
৩. শিক্ষার্থীদের যোগ্যতা যাচাইয়ের সুযোগ সবার জন্য উন্মুক্ত রাখতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন রাজনগর উপজেলা শাখার সভাপতি, এইচ এম হারুনুর রাশীদ, সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। তারা আশা প্রকাশ করেন, সরকারের পক্ষ থেকে দ্রুত ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।