প্রিন্ট এর তারিখঃ Nov 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 12, 2025 ইং
বোয়ালমারীতে নারী মাদক কারবারি আটক

আব্দুল মতিন মুন্সী।।
ফরিদপুরের বোয়ালমারীতে গাঁজা ও ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে বোয়ালমারী রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক কেজি গাঁজা, ৪০ পিস ইয়াবা ও একটি ফিচার ফোন জব্দ করা হয়।
সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল এ অভিযান চালায়। আটক নারীর নাম সাথি আক্তার। তিনি কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের দোলাগ্রামের রেজাউল শেখের স্ত্রী। দীর্ঘদিন ধরে গোপালগঞ্জভিত্তিক একটি মাদক চক্রের সদস্য হিসেবে কাজ করছিলেন তিনি।
সেনাবাহিনী সূত্র জানায়, সাথি আক্তার গোপালগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করতেন। সোমবার রাতে বোয়ালমারীতে মাদক পৌঁছাতে এসে যৌথ বাহিনীর হাতে ধরা পড়েন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে বোয়ালমারী থানায় হস্তান্তর করা হয়।
বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান বলেন, “মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়তে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে এলাকাবাসীর তথ্য ও সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ।”
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।